বাবার কাছে ড্রামস শিখছে জেমসের ১ বছর বয়সী ছেলে
ব্যান্ডসংগীতের নগরবাউল খ্যাত তারকা জেমস তার ১১ মাসের পুত্র সন্তান জিবরান আনামকে ড্রাম বাজানো শেখানোর চেষ্টা করছেন।
এমন একটি ভিডিও ঘুরেছে ফেইসবুকে।
৪১ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, ছেলেকে ড্রাম স্টিক ধরা শেখাচ্ছেন জেমস। ছেলেকে উদ্দেশ্য করে জেমস বলছেন, 'এখানে ধরো বাবা'।
ভিডিওটি দেখে একজন মন্তব্য করছেন, 'প্রস্তুত হও বড় মিউজিশিয়ান হওয়ার জন্য'; কেউ লিখেছেন, 'একদম যেন বাবার মত'।
একজন নগর বাউল ব্যান্ডের ড্রামার আহসান এলাহী ফান্টিকে উদ্দেশ্য করে লিখেছেন, 'ফান্টি ভাইয়ের কম্পিটিটর এসে পড়েছে।'
গত বছরের ২২ অক্টোবর জেমস তার তৃতীয় বিয়ে এবং পুত্র সন্তান জন্মের খবর দিয়েছিলেন।
সেসময় তার মুখপাত্র বলেন, ২০২৩ সালে নগরবাউলের আমেরিকা ট্যুর চলছিল। লস অ্যাঞ্জেলেসের সেই শোতে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনের সঙ্গে তার পরিচয় হয়। আমেরিকা ট্যুর শেষে জেমস ফিরে আসেন বাংলাদেশে।
“কিছুদিন যেতেই মনের টানে নামিয়াও ছুটে আসেন ঢাকায়। তারপর ২০২৪ সালের ১২ জুন বিয়ে করেন তারা।”
চলতি বছরের জেমস-নামিয়া দম্পতির কোলজুড়ে আসে এক পুত্রসন্তান। যার নাম রাখা হয়েছে জিবরান আনাম।
এরপর থেকে জেমসের ঢাকার বনানীর বাসাতেই ছিলেন নামিয়া। পরে ফিরে যান যুক্তরাষ্ট্রে। গত বছরের ৮ জুন নিউ ইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোর সাড়ে তিনটায় জন্ম হয় জেমস- নামিয়ার ছেলে জিবরান আনামের।
সেসময় জেমস তার ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, তিনি তার নতুন নতুন জীবন নিয়ে ‘ভালো আছেন’। গান গেয়ে এ জীবন কাটিয়ে দেওয়ার প্রত্যাশা রেখেছেন তিনি। ভক্ত অনুরাগীদের কাছে দোয়াও চেয়েছেন জেমস।
জেমসের স্ত্রী নামিয়া বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রে। নৃত্যশিল্পী হিসেবে সেখানে তিনি পরিচিত।
১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্ম জেমসের। তার বেড়ে ওঠা চট্টগ্রামে; সংগীত জীবনে যাত্রাও হয়েছে চট্টগ্রাম থেকেই। ১৯৮০ সালে ‘ফিলিংস’ ব্যান্ড গঠন করেন তিনি।
ফিলিংস থেকে ‘ষ্টেশন রোড’, ‘অনন্যা’, ‘জেল থেকে বলছি’, ‘নগর বাউল’, ‘লেইস ফিতা লেইস’, ‘কালেকশন অব ফিলিংস’ শিরোনামে অ্যালবামগুলো প্রকাশ হয়।
পরে ‘ফিলিংস’ ভেঙে ‘নগর বাউল’ গঠন করেন তিনি। ‘দুষ্টু ছেলের দল’ ও ‘বিজলি’ শিরোনামে দুটির অ্যালবাম প্রকাশ করে ব্যান্ডটি।
২০০৬ সালে বলিউড চলচ্চিত্র ‘গ্যাংস্টার’ এ ‘ভিগি ভিগি’র গানটি গাওয়ার পর দেশ ছাড়িয়ে ভারতীয় উপমহাদেশের শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন জেমস।
ওই বছরই মোহিত সুরির পরিচালনায় ‘ও লামহে’ চলচ্চিত্রে ‘চল চালে আপনে ঘর’, ২০০৭ সালে অনুরাগ বসুর ‘লাইফ ইন অ্যা…মেট্টো’ চলচ্চিত্রে ‘আলভিদা’ ও ২০১৩ সালে ‘ওয়ার্নিং’-এ ‘বেবাসি’ গানে কণ্ঠ দেন জেমস।
‘মীরা বাঈ’, ‘পাগলা হাওয়া’, ‘কবিতা’, ‘দিওয়ানা দিওয়ানা’, ‘গুরু ঘর বানাইলা কি দিয়া’ ‘মা’, ‘আসবার কালে আসলাম একা’, ‘দুষ্ট ছেলের দল’, ‘বিজলী চলে যেওনা’, ‘না জানি কোহি’ সহ বহু গানে কয়েক প্রজন্মের দর্শক শ্রোতা মাতোয়ারা করে রেখেছেন জেমস।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167539