নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

আজ রবিবার (৩ মে) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গণে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন ও জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে প্রথমে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবে এসে শেষ হয়। এতে অংশ নেওয়া সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা ও সত্য প্রকাশের অধিকারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. বোরহান উদ্দিন। উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামাল হোসেন বিষাদ।

এ সময় আরও বক্তব্য দেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশন-এর স্টাফ রিপোর্টার আবু নাসের মঞ্জু, ইউএনবি প্রতিনিধি মেজবাউল হক মিঠু, এনটিভি-এর স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, মানবজমিন-এর প্রতিনিধি নাসির উদ্দিন বাদল, নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিন-এর প্রতিনিধি আকবর হোসেন সোহাগসহ অন্যরা।

বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। গণমাধ্যমের কণ্ঠরোধ করে কখনোই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিতের দাবি জানান।

অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা ভবিষ্যতে সাংবাদিক সমাজের ঐক্য আরও সুদৃঢ় করে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167507