পিরোজপুরে ভাণ্ডারিয়ায় ঝড়ে গাছ ভেঙে পড়ে প্রাণ গেল বৃদ্ধার
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ঝড়ে গাছ ভেঙে পড়ে পারুল বালা (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২ মে) দুপুরে উপজেলার রাজপাশা গ্রামের নাঙ্গলের খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পারুল বালা একই গ্রামের লক্ষীকান্ত সমাদ্দারের স্ত্রী এবং চার ছেলে ও এক মেয়ের জননী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের নাঙ্গলের খালে গোসল করতে যান পারুল বালা। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে ঘূর্ণিঝড় শুরু হলে খালের পাড়ে থাকা একটি বড় গাছ ভেঙে তার ওপর পড়ে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তার আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।