টানা বর্ষণে নবীনগর-আশুগঞ্জ সড়কে ক্ষয়ক্ষতি, পরিদর্শনে এমপি
টানা বর্ষণে নির্মাণাধীন নবীনগর-আশুগঞ্জ আঞ্চলিক সড়কের বিভিন্ন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে সড়কটির কয়েকটি স্থানে মাটি সরে গিয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
আজ শনিবার (২ মে) সকালে সড়কটি পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন এবং দ্রুত মেরামতের নির্দেশ দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির কাজ শেষ হলে জেলার দুই উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। পাশাপাশি ঢাকার সঙ্গে নবীনগরের যোগাযোগ সহজ হবে। বর্তমানে কুমিল্লা হয়ে প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে ঢাকায় যেতে হয়, যা সময় ও খরচ- উভয়ই বাড়ায়।
তবে দীর্ঘসূত্রতা, অর্থ সংকট, ভূমি অধিগ্রহণের জটিলতা এবং প্রকল্প বাস্তবায়নে বিলম্বের কারণে সড়কটির কাজ নির্ধারিত সময়ে শেষ হয়নি। এর মধ্যে সাম্প্রতিক বর্ষণে নতুন করে ক্ষতির মুখে পড়েছে প্রকল্পটি।
জানা গেছে, ২০১৭ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নবীনগর–আশুগঞ্জ আঞ্চলিক সড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন পায়। প্রায় ১৯ দশমিক ৯৮ কিলোমিটার দীর্ঘ এ সড়কের নির্মাণকাজ শুরু হয় ২০১৮ সালের জুলাইয়ে। ২০২১ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি। পরবর্তীতে সময় ও ব্যয় বাড়িয়ে ২০২৮ সালের জুনে প্রকল্পটি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পরিদর্শনকালে এমপি আব্দুল মান্নান বলেন, নবীনগর-আশুগঞ্জ সড়কটি কয়েক লাখ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। সাম্প্রতিক টানা বর্ষণে সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণসংক্রান্ত যে জটিলতা রয়েছে, তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। নির্ধারিত সময় অনুযায়ী ২০২৮ সালের মধ্যে সড়কটির কাজ শেষ করে উদ্বোধনের আশা করছি।’
পরিদর্শনের সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167437