যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর বিষয়ে সতর্কবার্তা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ আবার শুরু হতে পারে বলে সতর্কতা জারি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন তথ্য-প্রমাণ ইঙ্গিত দিচ্ছে যে, যুক্তরাষ্ট্র কোনও চুক্তি বা সমঝোতায় প্রতিশ্রুতিবদ্ধ নয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সামরিক সদর দফতরের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদি বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বক্তব্য ও পদক্ষেপ মূলত গণমাধ্যমকেন্দ্রিক। এর উদ্দেশ্য প্রথমত তেলের দামের পতন ঠেকানো এবং দ্বিতীয়ত তারা যে জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে, তা থেকে নিজেদের বের করে নেওয়া। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে ইরানের সশস্ত্র বাহিনী যেকোনও নতুন পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়, আমেরিকানদের যেকোনও নতুন দুঃসাহসিক পদক্ষেপ বা অবিবেচক কর্মকাণ্ডের জবাব দিতে আমাদের বাহিনী প্রস্তুত।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা এবং পারস্পরিক অবিশ্বাসের কারণে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠছে। ইরানের এমন বক্তব্য ভবিষ্যতে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সূত্র : আল-জাজিরা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167398