জামায়াত আন্দোলন করছে দেশকে আবার অস্থির করতে : মির্জা ফখরুল
সংবিধান সংস্কার ও জুলাই সনদ নিয়ে জনগণকে ভুল বুঝানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে জামায়াতে ইসলামীর বর্তমান তৎপরতা দেশকে অস্থির করার চেষ্টা হিসেবে উল্লেখ করেছেন তিনি।
আজ শনিবার (২ মে) দুপুরে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ডা. মো. আবদুল কুদ্দুসের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, যারা নির্বাচিত হবেন তারা সংবিধান সংস্কার পরিষদ করবেন-এমন সিদ্ধান্তে বিএনপি কখনোই একমত ছিল না। তারা জনগণকে ভুল বুঝাচ্ছে। জামায়াত আন্দোলন করছে দেশকে আবার অস্থির করতে। বিগত ১৫ বছরের শাসনের ফলে দেশের নৈতিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্টরা যে সমাজ রেখে গেছে, তা পুরো এথিক্স থেকে সরে গেছে। আমরা এখন সরকারের ভেতর যতোই ঢুকছি, ততোই আতঙ্কিত হচ্ছি। গত ১৫ বছরে যে তদবিরের প্রচলন চলেছে, সেই ধ্বংসপ্রাপ্ত ব্যবস্থা কীভাবে ঠিক করব, সেটিই বড় চ্যালেঞ্জ।
তিনি উল্লেখ করেন, দেশ এখন ৮০ লাখ কোটি টাকা দেনাগ্রস্ত, এই সঙ্কট থেকে উত্তরণে সবাইকে মিলে কাজ করতে হবে। জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এই সনদ গঠনের সময় আমরা ছিলাম। তখন বলা হয়েছিল, সবকিছু ঐক্যমত্যের ভিত্তিতে হবে, নতুবা আমরা তা বাদ দেব। কিন্তু এখন বলছে পুরো সনদই বাস্তবায়ন করতে হবে। তিনি আরও জানান, সংসদের শেষদিনে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিতে বলা হয়েছে এবং তারা দ্রুত সিদ্ধান্ত জানাবে বলে আশা করা হচ্ছে।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততার উদাহরণ টেনে তিনি আক্ষেপ করে বলেন, সততা ছাড়া ভালো কাজ হয় না। বর্তমানে বাংলাদেশে মসজিদ-মন্দির নির্মাণেও সবচেয়ে বেশি দুর্নীতি হয়। বিশ্ব প্রেক্ষাপটে টিকে থাকতে হলে মেধার চর্চা বাড়ানোর তাগিদ দেন তিনি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167392