কামরাঙ্গীরচরে কারখানায় মেশিনের আঘাতে শ্রমিক নিহত

কামরাঙ্গীরচরে কারখানায় মেশিনের আঘাতে শ্রমিক নিহত

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি কারখানায় কাজ করার সময় মেশিনের আঘাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল)রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মিরাজ (১৯) কামরাঙ্গীরচরের সিটি ফ্লাইউড কারখানায় কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরাজকে হাসপাতালে নেওয়া কারখানার সুপারভাইজার মোহাম্মদ আব্দুল মান্নান জানান, রাতে কাজ করার সময় হঠাৎ মেশিনের বোর্ডের আঘাতে গুরুতর আহত হন মিরাজ। পরে দ্রুত তাকে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত মিরাজ দীর্ঘ প্রায় সাত বছর ধরে ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার আমুয়া গ্রামে। তিনি মো. শাহজাহান মিয়ার ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে মিরাজ ছিলেন একজন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167317