আমরা একজন ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী

আমরা একজন ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী

সংসদকে সফল করতে এবং দেশের সমৃদ্ধি নিশ্চিত করতে সরকারি ও বিরোধী দলকে মুদ্রার এপিঠ-ওপিঠ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

তিনি বলেছেন, ‘আপনারা ছাড়া আমরা অসম্পূর্ণ, আবার আমাদের ছাড়া আপনারা অসম্পূর্ণ।

আপনারা ব্যর্থ হওয়া মানেই আমি ব্যর্থ হওয়া, আর এই সংসদ ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা এবং প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বিরোধী দলের সদস্যদের উদ্দেশ্যে বলেন, এই সংসদ মানে পুরো বাংলাদেশ।

এই সংসদের সফলতা মানেই ভবিষ্যৎ সমৃদ্ধ বাংলাদেশ। আমরা চাই একসঙ্গে কাজ করতে। আপনারা সফল হলে সরকার সফল হবে, আর সরকার সফল হলে দেশ সমৃদ্ধ হবে। আমরা ডিবেট করব, বিতর্ক করব, কিন্তু সংসদকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।

বিগত দিনের রাজনীতির নেতিবাচক প্রভাব উল্লেখ করে তিনি বলেন, অতীতে সরকারকে ব্যর্থ করতে ১৭৩ দিন হরতাল ডাকা হয়েছিল। তাতে হয়তো সরকার ক্ষমতা হারিয়েছে, কিন্তু বুক চাপড়ে কেউ বলতে পারবেন না যে তাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়নি? সেই ক্ষতি আমাদের আজও বয়ে বেড়াতে হচ্ছে। আমরা আর সেই পথে হাঁটতে চাই না।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ এক, উদ্দেশ্য এক, গন্তব্য এক। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167267