ভালুকায় স্কুলের কম্পিউটারসহ মালামাল চুরির অভিযোগ

ভালুকায় স্কুলের কম্পিউটারসহ মালামাল চুরির অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় একটি স্কুলের কক্ষের তালা ভেঙে কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার ভরাডোবা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে স্কুল ছুটির পর শিক্ষক-কর্মচারীরা প্রতিষ্ঠান ত্যাগ করেন।

পরদিন আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে স্কুলের প্রহরী মো. মেহের আলী এসে দেখতে পান, স্কুলের কেঁচিগেট ও কম্পিউটার কক্ষের তালা ভাঙা। পরে কক্ষে ঢুকে তিনি দেখতে পান, তিনটি কম্পিউটার, তিনটি সিপিইউ, ছয়টি কিবোর্ড, পাঁচটি মাউস, একটি রাউটারসহ অন্যান্য সরঞ্জাম চুরি হয়ে গেছে।

এ ঘটনায় স্কুলের সহকারী প্রধান শিক্ষক বীরেন চন্দ্র রায় বাদি হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্কুলের প্রধান শিক্ষক মো. আজিজুল হক জানান, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।

স্থানীয় বাসিন্দা আশিকুর রহমান মানিক বলেন, স্কুলে চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া দাবি জানান তিনি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, স্কুলে চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167204