প্রথম বর্ষেই বৈধ সিটের দাবি ডাকসুর 

প্রথম বর্ষেই বৈধ সিটের দাবি ডাকসুর 

ঢাবি প্রতিনিধি:  ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য বৈধ সিট নিশ্চিতের দাবিতে কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

 আজ (৩০ এপ্রিল )বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তাদের ‘প্রথম বর্ষে বৈধ সিট, করতে হবে নিশ্চিত’, ‘এক দুই তিন চার, আদু ভাই সিট ছাড়’, ‘সিট বণ্টনের নীতিমালা দিতে হবে-দিতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

কর্মসূচি শেষে ডাকসুর নেতৃবৃন্দ উপাচার্য কার্যালয় সংলগ্ন আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে রেজিস্ট্রার ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এসময় ডাকসুর এজিএস মুহা. মহিউদ্দিন খান বলেন, শাসন ৩০ তারিখের মধ্যে সিট বরাদ্দের বিষয়ে সিদ্ধান্ত জানানোর প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ফলাফল পাওয়া যায়নি।’ তিনি প্রশাসনের প্রতিক্রিয়াকে ‘মিশ্র’ উল্লেখ করে অভিযোগ করেন, বিষয়টি নিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে।

মহিউদ্দিন বলেন, ‘কোনো কোনো হলে সিট বরাদ্দ শুরু হলেও অনেক হলে এখনো ভাইভা বা প্রাথমিক কার্যক্রমই শুরু হয়নি। প্রশাসনের সদিচ্ছা থাকলে অনেক আগেই সমস্যার সমাধান সম্ভব ছিল, কিন্তু আবেদনপত্র জমা নেওয়ার নামে বিষয়টি দীর্ঘায়িত করা হয়েছে।’ ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, যেসব শিক্ষার্থীর সিটের মেয়াদ শেষ হয়েছে, তাদের হল ত্যাগ নিশ্চিত করে নতুন শিক্ষার্থীদের জন্য সিট বরাদ্দ দিতে হবে।

ফরহাদ আরও বলেন, ‘আমরা এমন একটি নীতিমালা চাই যেখানে সেশন বাইন্ডিং থাকবে এবং রি-অ্যাড নিয়ে হলে পড়ে থাকার সংস্কৃতি বন্ধ হবে।’ এ বিষয়ে শিগগিরই ডাকসুর পক্ষ থেকে একটি লিখিত প্রস্তাবনা দেওয়ার কথাও জানান তিনি।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল ২০২৬ আবাসন সংকট নিরসনে ডাকসুর পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো-সকল হলের জন্য স্বচ্ছ সিট নীতিমালা প্রণয়ন, নীতিমালা অনুযায়ী অযোগ্যদের সিট বাতিল এবং কেবল বৈধ আবাসিক শিক্ষার্থীদের হলে অবস্থান নিশ্চিত করা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167192