কুমারখালীতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে প্রকাশের পর গ্রেপ্তার ৩
কুষ্টিয়ার কুমারখালীতে ঝটিকা মিছিলের ভিডিও প্রকাশের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার (২৮ এপ্রিল) সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে পুলিশ বলছে একটি বিস্ফোরক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকার মিরাজ মোল্লার ছেলে মো. জিসান (২১), মো. আলমগীরের ছেলে জুয়েল রানা (২০) ও শাহিনুরের ছেলে মো. শাওন (১৭)। তারা ছাত্রলীগের কর্মী-সমর্থক বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, গত মঙ্গলবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সভাপতি জীবন হাসান সোহেলের ব্যক্তিগত ফেসবুকে বেশ কয়েকটি মোটরসাইকেলে ছাত্রলীগের একটি ঝাটিকা মিছিলের ২৭ সেকেন্ডের ভিডিও প্রকাশ করা হয়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। পর বুধবার সকালে শেরকান্দি এলাকায় অভিযান চালিয়ে মিছিলে জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করা হয়।
পরে ২০২৪ সালের ১৫ অক্টোবর কুমারখালী থানায় এক বৈষম্যবিরোধী ছাত্রের দায়ের করা বিস্ফোরক মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন হাসান সোহেল বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ছাত্রলীগের দেয়াল লিখন ও বিক্ষোভ মিছিল চলছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গত মঙ্গলবার রাতে কুমারখালী কাজীপাড়া এলাকায় একটি মোটরসাইকেল মিছিল করা হয়। এ ঘটনার জেরে গতকাল বুধবার বেআইনিভাবে তিনজনকে গ্রেপ্তার করে মিথ্যা মামলায় চালান দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
তবে ছাত্রলীগের মিছিলের ঘটনাটি অস্বীকার করে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, একটি বিস্ফোরক মামলায় ছাত্রলীগের তিন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া একটি মারামারি মামলায় মাহফুজ (২৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।