প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক
স্পোর্টস ডেস্ক : স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে রিয়াল জারাগোজা ও হুয়েস্কার মধ্যে অনুষ্ঠিত আরাগোনেস ডার্বিতে শেষ মুহূর্তে বড় ধরনের বিশৃঙ্খলা দেখা গিয়েছিল। উত্তেজনার চরম পর্যায়ে মেজাজ হারিয়ে জারাগোজার গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদা প্রতিপক্ষের ডিফেন্ডার জর্জ পুলিদোকে ঘুষি মারেন।
ইনজুরি টাইমের শেষ দিকে পুলিদো কিছু বলার জন্য এগিয়ে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জবাবে আন্দ্রাদা তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বহিষ্কার করেন। তবে এরপরও রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি আবার পুলিদোর দিকে গিয়ে তার মুখে সজোরে ঘুষি মারেন। এই ঘটনার পর দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে মাঠেই হাতাহাতি শুরু হয়, যার উত্তেজনা গ্যালারিতেও ছড়িয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আরও কয়েকজন খেলোয়াড়ও লাল কার্ড দেখেন।

শেষ পর্যন্ত সেই ম্যাচে হুয়েস্কা ১-০ গোলে জয় পায়। তবে মাঠের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সবচেয়ে বেশি শাস্তির মুখে পড়েছেন আন্দ্রাদা-লাল কার্ডের জন্য এক ম্যাচ এবং সহিংস আচরণের জন্য আরও ১২ ম্যাচসহ মোট ১৩ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। একই সঙ্গে আর্থিক জরিমানাও গুনতে হচ্ছে তাকে ও তার ক্লাবকে।
যদিও পরে আন্দ্রাদা নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করে জানান, তিনি উত্তেজনার মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন এবং এই কাজের জন্য তিনি লজ্জিত। পুলিদোর কাছেও পরবর্তীতে তিনি ক্ষমা চান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167182