ইরানে ‘সংক্ষিপ্ত ও শক্তিশালী’ হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের নতুন পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফিং করবেন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপার। সূত্রের বরাত দিয়ে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে অ্যাক্সিওসের জানিয়েছে, সেন্টকম ইরানের ওপর ‘সংক্ষিপ্ত ও শক্তিশালী’ হামলার পরিকল্পনা তৈরি করেছে। এই পরিকল্পনায় মূলত ইরানের বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হতে পারে। আলোচনার টেবিলে চাপে ফেলে তেহরানের পরমাণু সমৃদ্ধকরণ ইস্যুতে চাপ দিতেই এই হামলার পরিকল্পনা করা হচ্ছে বলে ধারণা সংবাদমাধ্যমটির। এছাড়া তেহরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালির একটি অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এই দখল প্রক্রিয়ার জন্য মার্কিন স্থলবাহিনী মোতায়েন করতে হতে পারে। আর ইরানের কাছে মজুদ থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করতে বিশেষ বাহিনী মোতায়েনের পরিকল্পনাও আলোচনায় উঠে আসতে পারে।
ট্রাম্প এক্সিওসকে বুধবার জানিয়েছেন, বোমাবর্ষণের চেয়ে নৌ-অবরোধ ‘কিছুটা বেশি কার্যকর’ মনে করেন তিনি। বর্তমানে তিনি এই অবরোধকেই তেহরানের ওপর চাপ সৃষ্টির প্রধান অস্ত্র হিসেবে দেখছেন। তবে ব্রিফিংয়ের এ পরিকল্পনা থেকে বুঝা যায়, ট্রাম্প আবারও ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এর মূল উদ্দেশ্য হতে পারে শান্তি আলোচনার অচলাবস্থা ভেঙে তেহরানকে নমনীয় হতে বাধ্য করা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167172