গোয়ালন্দে অটোরিকশায় দুই ছাত্রীকে যৌন হয়রানি, চালক গ্রেফতার
রাজবাড়ীর গোয়ালন্দে ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক অটোরিকশার চালককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে গোয়ালন্দ বাজারের আড়ৎপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার চালকের নাম মজনু মিয়া (৩৮)। তিনি গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে। ওই দিন রাত ৮টার দিকে ভুক্তভোগী এক ছাত্রীর অভিভাবক থানায় মামলা করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই দুই ছাত্রী শহরের একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। মঙ্গলবার বিকালে স্কুল শেষে বাড়ি যাওয়ার জন্য স্কুলের সামনে থেকে মজনু মিয়ার অটোরিকশায় ওঠে। আড়ৎপট্টি এলাকায় পৌঁছালে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় চালক অটোরিকশার পর্দা আটকে রাস্তার এক পাশে গাড়ি দাঁড় করিয়ে রাখেন। কিছুক্ষণ পর ছাত্রীদের জড়িয়ে ধরে যৌন হয়রানি করেন। ছাত্রীরা নিজেদের রক্ষায় বৃষ্টির মধ্যে রিকশা থেকে নেমে পড়ে। পরে অন্য গাড়িতে বাড়ি পৌঁছে অভিভাবকদের বিষয়টি জানায়। অভিভাবকরা স্থানীয়দের সহযোগিতায় সন্ধ্যায় গোয়ালন্দ বাজার থেকে ওই চালককে আটক করে থানায় সোপর্দ করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167106