ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

কক্সবাজারের উখিয়ার ইনানী সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত মধ্যরাতে সফির বিল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে— মেরিন ড্রাইভ সংলগ্ন সফির বিল এলাকায় একটি চক্র মাদক পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ইনানী কোস্ট গার্ড স্টেশনের একটি বিশেষ দল মঙ্গলবার রাত ১টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে একজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটককৃত ব্যক্তি ও জব্দ করা গাঁজা পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167099