আসছে ‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়েল

আসছে ‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়েল

বিনোদন ডেস্ক ঃ র‍্যাঞ্চো-ফারহান-রাজুর কথা মনে আছে? দেড় দশকের বেশি কেটে গেলেও দর্শকের স্মৃতিতে আগের মতোই জীবন্ত। হাসি-মশকরার আড়ালে২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় উঠে এসেছিল প্রচলিত শিক্ষাব্যবস্থার অসংগতি।আমির খানের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা এটি।

বলিউডে একাধিকবার রব ওঠেছিল আরেকটা ‘থ্রি ইডিয়টস’ মানে ছবিটির সিক্যুয়েল আসছে। সেই আওয়াজ শুধু হাওয়াতেই ভেসেছে। এবার অবশ্য সেই সুযোগ নেই। কেননা মিস্টার পারফেকশনিস্ট আমির খান নিজেই নিশ্চিত করেছেন ‘থ্রি ইডিয়টস ২’ নির্মাণের বিষয়টি। তিনি জানান, পরিচালক রাজকুমার হিরানি এই কালজয়ী সিনেমার দ্বিতীয় কিস্তি নির্মাণের কাজ শুরু করেছেন।। আগের বারের মতোই একই রকম হাস্যরস ও ব্যতিক্রমী গল্প থাকবে।

থ্রি ইডিয়টস সিক্যুয়েলের কাহিনী সম্পর্কে আমির খান জানান, নতুন গল্পটি প্রথম পর্বের ঘটনার প্রায় এক দশক পরের প্রেক্ষাপটে সাজানো হয়েছে। অর্থাৎ, র‍্যাঞ্চো ও তাঁর বন্ধুদের পরিপক্ক জীবনের পরবর্তী ধাপগুলোই এবারের সিনেমায় বড় পর্দায় উঠে আসবে। অভিনেতা ইতিমধ্যে রাজকুমার হিরানির কাছ থেকে গল্পের প্রাথমিক ধারণা শুনেছেন এবং একে অত্যন্ত চমৎকার বলে অভিহিত করেছেন। চিত্রনাট্যের কাজ এখনো চূড়ান্ত পর্যায়ে থাকলেও এর মূল ভাবনাটি দর্শকদের আগের মতোই মুগ্ধ করবে বলে তিনি বিশ্বাস করেন।

আমির খান আরও জানান, র‍্যাঞ্চো, ফারহান, রাজু, পিয়াদের সঙ্গে আগের সিনেমাটির প্রায় প্রতিটি চরিত্রই দেখা যাবে থ্রি ইডিয়টস ২-তে। আমিরের সঙ্গে ফিরবেন আর মাধবন, শরমন যোশি, কারিনা কাপুরেরা। প্রথম পর্বের শেষে নিজের বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে র‍্যাঞ্চোর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিল পিয়া। সিকুয়েলের গল্প কি সেখান থেকেই শুরু হবে? 

বিষয়টি অবশ্য আমির খান খোলাসা করেননি। শুধু বলেছেন, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। ফুংসুখ ওয়াংড়ুর চরিত্রে আরেকবার অভিনয় করার জন্য।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167059