কুমিল্লায় কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত ১৭৩৩ হেক্টর জমির ধান
কুমিল্লায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কৃষিখাতে ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার ১৭৩৩ হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া ৫৫০ হেক্টর ভুট্টা, ২৩৫ হেক্টর আউশ ধানের বীজতলা এবং ৩৬৪ হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজি নষ্ট হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার ১৭ টি উপজেলায় কমবেশি কৃষি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে লাকসাম,দাউদকান্দি, নাঙলকোট, দেবিদ্বার ও মুরাদনগরে ক্ষতির পরিমাণ বেশি।
তিনি আরও জানান, জেলা ও উপজেলার সব কৃষি কর্মকর্তা এখন মাঠ পরিদর্শনে ব্যস্ত সময় পার করছেন। ক্ষতি নিরসনে কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছেন।
এদিকে কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন হচ্ছে।
আজ বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত জেলার ১৭টি উপজেলাজুড়ে ৩৫টি ট্রান্সফরমার বিকল হয়ে পড়েছে, ভেঙে গেছে ৭১টি বৈদ্যুতিক খুঁটি এবং নষ্ট হয়েছে প্রায় ৫৫০টি মিটার সংযোগ। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত ২৭ হাজার গ্রাহক।
ঝড়ো বাতাসে অসংখ্য গাছ ওপড়ে পড়ে বিদ্যুতের লাইনের লাইনের ওপর পড়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হচ্ছে গ্রাহকদের। এতে মোবাইল ফোন ব্যবহারে বিঘ্ন ঘটছে। নষ্ট হচ্ছে রেফ্রিজারেটরে সংরক্ষণ করা খাবার।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167019