বগুড়ায় বালুভর্তি ট্রাক থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের ঠেঙ্গামরা এলাকাস্থ বগুড়া-রংপুর মহাসড়কে একটি বালুভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে ৮০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ওই পরিমাণ গাঁজাসহ কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদককারবারি রবিউল ইসলাম (২৫) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের মামুন আকন্দের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদেরভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বগুড়া সদর উপজেলার টিএমএসএস ছ’মিল ও উডেন ফার্নিচার সেকশনের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে রংপুর থেকে বগুড়াগামী একটি বালুভর্তি ট্রাক থামানো হয়। ওই ট্রাকে তল্লাশি করে ট্রাকের ভেতরে বালুর নিচে বিশেষভাবে লুকানো তিনটি প্লাস্টিকের বস্তায় ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ট্রাকটি জব্দ করে ওই মাদককারবারির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/167013