বগুড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

বগুড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

কোর্ট রিপোর্টার : ‘সরকারি খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ’ পতিপদ্য নিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান কবির বলেছেন, সংবিধানে রাষ্ট্রের সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমান অধিকার দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধানে সকল নাগরিকের বিচার পাওয়ার অধিকারের কথা উল্লেখ থাকলেও অনেকক্ষেত্রে অসচ্ছল, অসহায়, নির্যাতিতা, সমাজের পিছিয়ে থাকা লোকজন বিচারের আশায় আদালতের দারস্থ হতে পারতেন না।

ফলে তারা আইনের আশ্রয় নিতে ব্যর্থ হয়ে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত  হতেন। বিগত ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদ জিয়া অর্থ বরাদ্দ দিয়ে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে সরকারি খরচে সহায় সম্বলহীন হতদরিদ্র মানুষের বিচার পাওয়ার অধিকার সুনিশ্চিত করেছেন। ফলে সকলে সরকারের এই মানবিক কার্যক্রমের সুফল ভোগ করছে।

এজন্য প্রতিটি জেলায় একজন বিচারককে লিগ্যাল এইড অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পারিবারিক বা দাম্পত্য বিরোধ, দেওয়ানী বিরোধ বা আপসযোগ্য ফৌজদারি মামলাসমূহ জেলা লিগ্যাল এইড অফিসারের মাধ্যমে সরাসরি মধ্যস্থার সভার মাধ্যমে নিস্পত্তি করা হচ্ছে। লিগ্যাল এইডের সুফল আরো জনমুখী করার জন্য তিনি সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য আহবান জানান।

বগুড়া জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস পালনের কর্মসূচির অংশ হিসাবে সকালে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ মো. আবু কাহার।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-স্পেশাল জজ  মো. আয়েজ উদ্দিন,  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১ এর বিচারক আনোয়ারুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক  এ কে এম আহসানুল তৈয়ব জাকির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও বগুড়ার জিপি এড. শফিকুল ইসলাম টুকু, বগুড়া বার’র সভাপতি এড. শেখ রেজাউর রহমান মিন্টু ও সাধারণ  সম্পাদক এড. রফিকুল ইসলাম (১), টিএমএসএস’র উপপরিচালক নজিবর রহমান জিয়া, লাইট হাউস’র প্রধান নির্বাহী হারুন অর রশীদ ও লিগ্যাল এইডের সুবিধাভোগী জাকিয়া সুলতানা প্রমুখ।

সভায় লিগ্যাল এইডের শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে এড. মাসুদ রানা ও এড. দিল রওশন আরা ফেন্সিকে ক্রেস্ট ও সম্মানি প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম জেলা ও দায়রা জজ নুসরাত শারমিন ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকী। এর আগে সকাল সাড়ে ৯টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান কবির ফেস্টুন ও কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন করেন।

এসময় পুলিশ মির্জা সায়েম মাহমুদসহ বিচারক ও আইনজীবীগণ উপস্থিত ছিলেন। দিবসের উদ্বোধন শেষে তারাসহ বিচারকবৃন্দ, আইনজীবীগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনাজিও প্রতিনিধিগণসহ বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জজ আদলত চত্বরে এসে শেষ হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166934