নাইজেরিয়ায় গ্রামবাসীর ওপর এলোপাতাড়ি গুলিতে নিহত ২৯
আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আদামাওয়া রাজ্যে একটি সম্প্রদায়ের ওপর বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। সোমবার রাজ্যের গভর্নর এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় কর্মকর্তা ও কমিউনিটি নেতাদের বরাত দিয়ে জানা গেছে, রবিবার গভীর রাতে হামলাকারীরা একটি গ্রামে ঢুকে কয়েক ঘণ্টা ধরে এলোপাতাড়ি গুলি চালায়। এতে বহু বাসিন্দা নিহত হন এবং ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতি হয়। আদামাওয়া রাজ্যের গভর্নর আহমাদু উমারু ফিনতিরি গোম্বি স্থানীয় সরকার এলাকার গায়াকু কমিউনিটি পরিদর্শনে গিয়ে নিহতের সংখ্যা নিশ্চিত করেন। তিনি শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং ঘটনাটিকে ‘মর্মান্তিক ও অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দেন।
তিনি বলেন, পরবর্তী হামলা ঠেকাতে এবং এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করছে রাজ্য সরকার। হামলার কারণ এখনও জানা যায়নি। তবে সাম্প্রতিক বছরগুলোতে আদামাওয়া রাজ্যে বোকো হারাম বিদ্রোহীসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী চক্রের হামলা বেড়েছে। এর ফলে অঞ্চলের গ্রামীণ এলাকাগুলোতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। খবর : রয়টার্স।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166848