ব্রাজিলের হয়ে অলিম্পিক স্বর্ণজয়ী কোচ আসতে চান বাংলাদেশে

ব্রাজিলের হয়ে অলিম্পিক স্বর্ণজয়ী কোচ আসতে চান বাংলাদেশে

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল দলের কোচ পদে তিন শতাধিক জীবনবৃত্তান্ত জমা পড়েছে বাফুফেতে। বাংলাদেশের কোচ হওয়ার জন্য আবেদন পাঠিয়েছেন বিশ্ব ফুটবল তারকা নেইমারের কোচ রোজেরিও মিকালো। এই কোচের আবেদন গতকাল কোচ বাছাই কমিটির হাতে এসেছে। এই কোচের অধীনেই ২০১৬ সালে রিও অলিম্পিক গেমসে স্বর্ণপদক জয় করেছিল ব্রাজিল।

ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপ ফুটবলে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল ব্রাজিল। সেই ম্যাচ খেলতে পারেননি নেইমার। দুই বছর পর রিওডি জেনেরিওর স্টেডিয়াম মারাকানায় অলিম্পিক গেমস ফুটবল ফাইনালে আবার সেই জার্মানিকে পেয়েছিল ব্রাজিল। নেইমার খেলেছিলেন ম্যাচ। গোলও করেছিলেন। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটার ভাগ্য নির্ধারণ হয়েছিল টাইব্রেকিংয়ে। ব্রাজিল ৫-৪ গোলে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের কোচ রোজেরিও হরিও মিকালো। সেই কোচ এখন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে চায়। 

৫৭ বছর বয়সী রোজেরিও মিকালোর কোচিং ভান্ডার পরিপূর্ণ। ২০২৪ সালে মিশরের কোচ হয়ে প্যারিস অলিম্পিক গেমসে গিয়েছিলেন। কিন্তু উইকিপিডিয়ায় দেখা যায় এখন তিনি মিশরের অনূর্ধ্ব-২০ দলের কোচ। কোচিং অভিজ্ঞতা সম্পন্ন এমন কোচের সংখ্যা খুব বেশি নেই বাফুফের হাতে। যে কোচ ব্রাজিলের মতো একটা দেশকে অলিম্পিক স্বর্ণ জিতিয়ে দিয়েছেন, সেই কোচ নিয়ে প্রশ্ন না থাকটাই স্বাভাবিক। এশিয়াতে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সৌদি আরবের ক্লাব আল হিলাল ক্লাবে খেলে গেছেন নেইমার। সেই ক্লাবেরও কোচ ছিলেন রোজেরিও মিকালো। তার কোচিং ক্যারিয়ারে যেমন সাফল্য আছে তেমনি ব্যর্থতার দায়ে বরখাস্ত হওয়ার অভিজ্ঞতা রয়েছে।

বাফুফে কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল। তাতে অনেকের আগ্রহ বাংলাদেশের কোচ হবেন। আগামী ৩০ এপ্রিল বায়োডাটা জমা দেওয়ার শেষ দিন। তিন শতাধিক বায়োডাটা জমা পড়লেও এখান থেকে বাছাই করে তালিকা কমিয়ে আনা হয়েছে। তালিকা ছোট করার জন্য বাফুফের সদস্য ছাঈদ হাসান কাননকে নিয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তারা বসে ২৭ জনের একটা তালিকা করেছেন। তবে সেই তালিকায় নেই হ্যাভিয়ের কাবরেরা। তার ওপর বাফুফের একাধিক কর্মকর্তা ক্ষুব্ধ। কারণ হ্যাভিয়ের আজ পর্যন্ত ৯ নম্বর পজিশনের একজন স্ট্রাইকারের সন্ধান দিতে পারেননি। একজন নতুন প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করতে পারেননি। চার বছর দায়িত্ব পালন করেছেন কাবরেরা। কিন্তু তার সাফল্য নেই। বাফুফের দাবি কাবরেরা চার বছর দায়িত্ব পালন করে সিনিয়র জাতীয় দলের বিকল্প দল তৈরি করতে পারেননি। 

কানন জানিয়েছেন তারা এমন একজন কোচ নিয়োগ দিতে চান যিনি শুধু জাতীয় দলই নয়, অন্যান্য লিগের খেলা দেখবেন। খেলোয়াড় খুঁজবেন। বিকল্প দল তৈরি করবেন। তিনি বলেন, খেলা শেষ হলে কাবরেরা ছুটি কাটাতো। নিজের দেশের বাড়িতে বসে ভিডিওতে খেলা দেখতো, হাসান আল মামুন খেলা দেখতেন। কোচেক এতো টাকা বেতন দিয়ে কার কাছ থেকে কাজ আদায় করতে নিতে হবে। আমরা কোচ বাছাই করে দেব, বাকিটা বাফুফের সভাপতি আছেন তিনি দেখবেন।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166842