ইরান নিয়ে আলোচনাকে অবমূল্যায়ন করা উচিত নয় : পুতিন
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে বসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার সেন্ট পিটার্সবার্গে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সোমবার সেন্ট পিটার্সবার্গে প্রেসিডেন্ট পুতিন ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির বৈঠক অনুষ্ঠিত হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যকে ঘিরে বর্তমান পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে এই আলোচনার গুরুত্ব কোনোভাবেই অবমূল্যায়ন করা উচিত নয়।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়ায় মস্কোর সমর্থন পেতে সোমবার ভোরে রাশিয়ায় পৌঁছান আরাঘচি। এর আগে, শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করেন। যে কারণে পাকিস্তানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে পড়েছে।
যুদ্ধ বন্ধে ইরানের অবস্থান জানাতে শনিবার মধ্যস্থতাকারী দেশ ওমান সফরে যান আরাঘচি। ওমান সফর নিয়ে তিনি বলেছেন, হরমুজ প্রণালিতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার বিভিন্ন উপায় ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। যা সকল প্রতিবেশী রাষ্ট্র এবং বিশ্বের জন্য উপকারী হবে।
ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসলামাবাদ সফরও অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সেখানে তিনি ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের কার্যকর রূপরেখা নিয়ে ইরানের অবস্থান তুলে ধরেছেন।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, যুক্তরাষ্ট্র কূটনীতির বিষয়ে আসলে কতটা আন্তরিক সেটিই এখন দেখার বিষয়। আরাঘচির ওই মন্তব্যের পরপরই ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফরের পরিকল্পনা বাতিল করেন।
আলোচনা চালিয়ে যাওয়ার লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২২ এপ্রিল থেকে শেষ হওয়া যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও হরমুজ প্রণালি নিয়ে উভয়পক্ষই এখনও অনড় অবস্থানে রয়েছে। এদিকে, লেবাননে নড়বড়ে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, রোববার দেশটিতে ইসরায়েলি হামলায় দুই শিশু ও দুই নারীসহ ১৪ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১৯ বছর বয়সী এক সেনাসদস্য নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।
সূত্র: বিসিবি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166724