স্বামী হিসেবে আমি যা চেয়েছিলাম, তা তিনি নন: গোবিন্দপত্নী
বলিউড অভিনেতা গোবিন্দ এখন আর আগের মতো অভিনয়ে সক্রিয় নেই। বর্তমানে তাকে পার্টি ও অনুষ্ঠানেই বেশি দেখা যায়। অন্যদিকে তার স্ত্রী সুনীতা আহুজা প্রায়ই স্বামীকে নিয়ে মন্তব্য করে আলোচনায় থাকেন। সম্প্রতি অভিষেক ব্যাসের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীতা বলেন, স্বামী হিসেবে গোবিন্দ ভালো উদাহরণ নন এবং এত কিছু অর্জন করার পরও তিনি জীবনযাপন করেননি।
সুনীতা বলেন, ও একজন ভালো ছেলে, চমৎকার ভাই; কিন্তু স্বামী নয়। স্বামী হিসেবে আমার যা প্রয়োজন... যেমন আমার পার্টি করা, বাইরে খেতে যাওয়া, ছুটিতে বেড়াতে যাওয়ার মতো ছোটখাটো শখ আছে... কিন্তু ওর জীবনটা উৎসর্গ করা ওর পরিবারের সেবা করার জন্য। ওর বয়স ৬০ বছর অথচ ও নিজের জন্য বাঁচেনি। ও আমাকে দুঃখ দেয়।’
গোবিন্দপত্নী আরও বলেন, ‘আপনি তো এত বড় সুপারস্টার, জীবনে দেখেছেন নাকি? আমি কিছুই দেখিনি। আমি গোবিন্দের মতো ছেলে চাই, স্বামী নয়। এখন আফসোস করে কী লাভ? এখন তো আর ছেড়ে যেতে পারবেন না, তাই না? ৪০ বছর কেটে গেছে, আর এখন এসব ভাবাটাও একটা অপরাধ।’
উল্লেখ্য, ১৯৮৭ সালের মার্চ মাসে নিভৃতে গোবিন্দ ও সুনীতার বিয়ে হয়। গোবিন্দ তখন চলচ্চিত্রে পা রেখেছেন। বেশ কয়েক বছর তারা বিয়ে গোপন রেখেছিলেন এবং মেয়ের জন্মের পর তা প্রকাশ করেন। তাদের দুই সন্তান—মেয়ে টিনা আহুজা, যিনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত, এবং ছেলে যশবর্ধন আহুজা, বর্তমানে বলিউডে আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166723