ভোলায় ৪ কিলোমিটার খাল খননের উদ্বোধন

ভোলায় ৪ কিলোমিটার খাল খননের উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কানাইনগর আন্ধির খাল থেকে মেঘনা নদীর স্লুইসগেট পর্যন্ত ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

জেলা প্রশাসন জানায়, ২০২৫-২৬ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় এ খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি এবং কৃষিনির্ভর অর্থনীতিকে আরও গতিশীল করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, সরকারের এ কর্মসূচি দেশের অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইজিপিপির মাধ্যমে একদিকে যেমন- কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের প্রকল্প কার্যকর অবদান রাখছে। 

এছাড়া জেলা প্রশাসক নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এসময় ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166705