আমি ধর্ষক বা শিশুকামী নই : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ধর্ষক ও পেডোফাইল বা শিশুকামী নন। মূলত, গতকাল রোববার ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউসে সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের ডিনার অনুষ্ঠানে গুলি করা ব্যক্তির লক্ষ্যবস্তু ছিল ‘শিশুকামী, ধর্ষক ও বিশ্বাসঘাতক’-এমন খবর প্রকাশের প্রতিক্রিয়ায় ট্রাম্প এই কথা বলেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন ডিনারের নিরাপত্তা বেস্টনি ভেঙে গুলি করা ব্যক্তি ‘র্যাডিক্যালাইজড’ বা চরমপন্থায় প্রভাবিত ছিল। তিনি বলেন, ওই ব্যক্তির লেখা একটি ম্যানিফেস্টোতে প্রশাসনের কর্মকর্তাদের প্রতি বিদ্বেষের কথা উঠে এসেছে। সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে গত শনিবার রাতে ঘটে যাওয়া ঘটনার পর সন্দেহভাজনের লেখাগুলো আদর্শগত চরমপন্থার প্রমাণ দেয়। তিনি বলেন, আমি একটি ম্যানিফেস্টো পড়েছি। সে র্যাডিক্যালাইজড। সে একজন খ্রিস্টান ছিল-একজন বিশ্বাসী-তারপর সে অ্যান্টি-ক্রিশ্চিয়ান হয়ে যায়...সে সম্ভবত খুব অসুস্থ একজন মানুষ ছিল।’
সাক্ষাৎকারে অ্যালেনের লেখা বলে দাবি করা ম্যানিফেস্টোর কিছু অংশ পড়ে শোনানোর পর ট্রাম্প তাতে আপত্তি জানান। ম্যানিফেস্টোতে অ্যালেন ট্রাম্পের উদ্দেশ্য ব্যাখ্যা করে লিখেছে, প্রশাসনের কর্মকর্তারা-তারা লক্ষ্যবস্তু...একজন পেডোফাইল, ধর্ষক ও বিশ্বাসঘাতকের অপরাধে আমি আর আমার হাত রাঙাতে রাজি নই। এর জবাবে ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। উপস্থাপককে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি অপেক্ষা করছিলাম আপনি এটা পড়বেন। কারণ, আমি জানতাম আপনি পড়বেন। কারণ, আপনারা ভয়ংকর মানুষ। ভয়ংকর মানুষ। হ্যাঁ, সে এটা লিখেছে। আমি ধর্ষক নই। আমি কাউকে ধর্ষণ করিনি। আমি পেডোফাইল নই। আপনারা কোনো অসুস্থ মানুষের লেখা এসব বাজে কথা পড়ছেন।
তিনি সাক্ষাৎকারগ্রহণকারীকে তিরস্কার করে বলেন, আপনার লজ্জা হওয়া উচিত-এগুলো পড়ার জন্য কারণ আমি এসবের কোনোটাই নই। ট্রাম্পকে জানানো হয়, অ্যালেন ক্যালিফোর্নিয়ায় একটি ‘নো কিংস’ বিক্ষোভে অংশ নিয়েছিল। এ বিষয়ে তিনি বলেন, ‘নো কিংস! হ্যাঁ’ এবং যোগ করেন, আমি কোনো রাজা নই। তিনি আরও বলেন, আমি যদি রাজা হতাম, তাহলে আপনাদের সঙ্গে কথা বলতাম না।
অন্যদিকে, এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুততা ও পেশাদারিত্বের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বড় ভক্ত। সে খুব দ্রুত ছিল। ভিডিওতে দেখলে মনে হয় সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে...তারা খুবই পেশাদার ছিল।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166699