জয়পুরহাটে পুলিশকে মারধর বাবা-ছেলে গ্রেফতার

জয়পুরহাটে পুলিশকে মারধর বাবা-ছেলে গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং এক উপপরিদর্শককে (এসআই) চার ঘণ্টার মধ্যে বদলির হুমকি দেওয়ার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় আক্কেলপুর থানায় মামলা করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল-মাসুম বাদি হয়ে গতকাল শনিবার রাতে মামলাটি দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলেন-আক্কেলপুর পৌর শহরের হাস্তাবসন্তপুর মহল্লার সাকিবুর রহমান সুমন (৪০), যিনি ট্যারা সুমন নামে পরিচিত এবং তার ছেলে সায়মন সাফিত (১৭) ওরফে সুজন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেলে আক্কেলপুর পৌর এলাকার একটি টিসিবি পণ্য বিক্রয়কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। এসময় কয়েকজন ব্যক্তি লাইনে না দাঁড়িয়ে জোর করে পণ্য নেয়ার চেষ্টা করলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে অভিযুক্তরা তাদের সঙ্গে বাকবিতন্ডতায় জড়িয়ে পড়েন।

একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের ধাক্কাধাক্কি ও মারধর করেন এবং পুলিশের পিকআপ ভ্যানের গতিরোধ করে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখেন। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, পুলিশকে মারধর, সরকারি কাজে বাধা ও হুমকির অভিযোগে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166662