পাবনার সাতবাড়ীয়া পদ্মা নদীর পাড়ে গড়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র
সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগরের সাতবাড়ীয়া সংলগ্ন বিশাল বিস্তীর্ণ পদ্মা নদীরপাড়ে গড়ে উঠতে পারে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। আর এখান থেকে সরকারের প্রতি বছর লাখ লাখ টাকার রাজস্ব আয় হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। ইতোমধ্যে পদ্মা নদীর ওই পাড় এলাকা মিনি কক্সবাজার হিসেবে পরিচিতি লাভ করেছে। আর পদ্মাপাড়ের এই সৌন্দর্য উপভোগ করতে আসেন সুজানগর উপজেলাসহ আশপাশের উপজেলার শত শত ভ্রমণ পিপাসু নারী-পুরুষ।
পদ্মাপাড়ের সিংহনগর গ্রামের বাসিন্দা সুরমান আলী বলেন, শুক্র এবং শনিবার ছুটির দিন পর্যটকদের ভিড় বেড়ে যায়। মাইক্রোবাস, সিএনজি এবং মোটরসাইকেলসহ বিভিন্ন ধরণের যানবাহনযোগে পদ্মাপাড়ে আসেন। অনেকেই ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে পদ্মা নদীতে ভ্রমণ করেন।
সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, এলাকায় তেমন কোন বিনোদন কেন্দ্র নেই। সেকারণে স্থানীয়রা ছুটির দিনে পদ্মা নদীর পাড়ে এসে পরিবারপরিজন নিয়ে নৌকা ভ্রমণ এবং নদীর সৌন্দর্য উপভোগ করেন।
পদ্মাপাড়ে আসা পর্যটক পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সহযোগী অধ্যাপক বিষ্ণুপদ সরকার বলেন, পদ্মাপাড়ের প্রাকৃতিক সৌন্দর্য অনেক নয়নাভিরাম। তাছাড়া এখানকার পরিবেশও অত্যন্ত সুন্দর। এখানে বাণিজ্যিকভাবে পর্যটন কেন্দ্র গড়ে তোলা যেতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, সাতবাড়ীয়া পদ্মা নদীরপাড়ে সরকারি পৃষ্ঠপোষকতায় পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে। তবে বাস্তবায়ন অনেক সময়ের ব্যাপার।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166660