ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে মারামারি, কিল-ঘুষিতে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে মারামারি, কিল-ঘুষিতে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকায় বসা নিয়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের কিল-ঘুষিতে হানিফ মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার মনোবাবুর নৌকা ঘাটে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, হানিফ মিয়া নদীপথে নৌকায় করে মেয়ের বাড়ি যাচ্ছিলেন। যাত্রাপথে নৌকার নিচে বসার জায়গা নিয়ে একই গ্রামের এলেম খাঁর সঙ্গে তার প্রথমে বাগ-বিতণ্ডা হয়।

একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় এলেম খাঁর কিল-ঘুষিতে হানিফ মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166599