এশিয়ান বিচ গেমসে ১৪ বছর পর বাংলাদেশকে ব্রোঞ্জে এনে দিলো নারীরা 

এশিয়ান বিচ গেমসে ১৪ বছর পর বাংলাদেশকে ব্রোঞ্জে এনে দিলো নারীরা 

স্পোর্টস ডেস্ক: চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমস ২০২৬-এ ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী কাবাডি দল। সেমিফাইনালে ভারতের কাছে হারলেও ব্রোঞ্জ পদক নিশ্চিত করে দীর্ঘ ১৪ বছর পর এই আসর থেকে পদক ঘরে তুলেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সেমিফাইনালে শক্তিশালী ভারতের বিপক্ষে শুরুটা লড়াকু ছিল বাংলাদেশের। প্রথমার্ধ শেষে স্কোর ছিল ২২-১৫, মাত্র ৭ পয়েন্টের ব্যবধানে ম্যাচে ফেরার আশা টিকে ছিল। তবে দ্বিতীয়ার্ধে অভিজ্ঞ ভারতীয় রেইডারদের সামনে তাল মেলাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৫০-৩১ পয়েন্টে হার মানতে হয়।যদিও ফাইনালে ওঠা হয়নি, তবুও সেমিফাইনালে জায়গা করে নেওয়ার সুবাদেই নিশ্চিত হয় ব্রোঞ্জ পদক। ২০১২ সালের পর এই প্রথম এশিয়ান বিচ গেমসে কাবাডিতে পদক পেল বাংলাদেশ, যা দলের জন্য বড় অর্জন।

পুরো টুর্নামেন্ট জুড়েই দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট পর্যন্ত তাদের ধারাবাহিকতা নজর কেড়েছে। শেষ পর্যন্ত তৃতীয় স্থান অর্জন করে আসর শেষ করেছে দলটি।

এই সাফল্য শুধু একটি পদক নয়—বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনের জন্য নতুন প্রেরণা। হার সত্ত্বেও লড়াইয়ের মানসিকতা আর দীর্ঘদিন পর আন্তর্জাতিক মঞ্চে সাফল্যই এখন দলের সবচেয়ে বড় অর্জন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166586