নৈশভোজের অনুষ্ঠানে গুলির আতঙ্কে পড়ে যান ট্রাম্প!

নৈশভোজের অনুষ্ঠানে গুলির আতঙ্কে পড়ে যান ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে গুলির ঘটনা ঘটেছে। হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বিকট শব্দ হলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেন নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের সদস্যরা। ওই সময় কড়া নিরাপত্তায় লুকাতে গিয়ে আতঙ্কে হুমড়ি খেয়ে পড়ে যান ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। ওই অনুষ্ঠান থেকে প্রচারিত টিভি ফুটেজে দেখা গেছে, ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। ওই সময় হোটেলটির বাঙ্কেট হলে বিকট শব্দ শোনা যায়। সিএনএনের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ট্রাম্পের পাশে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে সরিয়ে নিচ্ছেন গোয়েন্দারা। এর পাশেই প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘিরে রেখেছেন তারা। এই সময় ট্রাম্পকেও সরিয়ে নেয়া হয়। তবে ট্রাম্প যাওয়ার সময় একবার হোঁচট খেয়ে পড়ে যান।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অনুষ্ঠানটি হচ্ছিল ওয়াশিংটন হিলটন হোটেলে, যেখানে প্রায় ২ হাজার ৬০০ অতিথির উপস্থিতিতে চলছিল ডিনার। ওই সময় উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। হঠাৎ করে নিরাপত্তা চেকপয়েন্টে এক ব্যক্তি গুলি ছুড়লে নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয় এবং ট্রাম্প দম্পতিকে তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

ঘটনার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের ব্রিফিংকালে ট্রাম্প দাবি করেন, নৈশভোজের অনুষ্ঠান চলাকালে গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর কাছে ‘একাধিক অস্ত্র’ ছিল। আর সন্দেহভাজন এই হামলাকারী একজন ‘সম্ভাব্য হত্যাকারী’। তিনি বলেন, মার্কিন সিক্রেট সার্ভিসের কিছু ‘অত্যন্ত সাহসী’ সদস্য এই সন্দেহভাজন হামলাকারীকে ধরে ফেলেন।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166566