মেসির সুযোগ নষ্টে জয় হাতছাড়া মায়ামির
স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির উপস্থিতিতেও ঘরের মাঠে জয় পেল না ইন্টার মায়ামি। নতুন স্টেডিয়ামে টানা তৃতীয় ম্যাচেও ড্র করতে হয়েছে তাদের, সর্বশেষ ম্যাচে নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনের সঙ্গে ১-১ গোলে সমতায় শেষ করেছে মায়ামি। ফলে ঘরের মাঠে জয়হীন থাকার হতাশা আরও দীর্ঘ হলো, যদিও সামগ্রিকভাবে দলটি তাদের অপরাজিত থাকার ধারাবাহিকতা ধরে রেখেছে।
রোববার (২৬ এপ্রিল) ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় মায়ামিকে। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি তারা। বিশেষ করে মেসি কয়েকটি সম্ভাবনাময় মুহূর্ত তৈরি করলেও শেষ পর্যন্ত সেগুলো কাজে লাগাতে পারেননি। ৩৮তম মিনিটে ডিফেন্ডারদের চাপে থেকেও একটি ভালো সুযোগ পেয়েছিলেন তিনি, কিন্তু শটটি লক্ষ্যভ্রষ্ট হয়। কর্নার থেকে সরাসরি গোলের চেষ্টা এবং অতিরিক্ত সময়ে নেয়া আরেকটি শট দুটিই সহজেই সামলে নেন নিউ ইংল্যান্ডের গোলরক্ষক ম্যাট টার্নার। দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র কিছুটা বদলে যায়। ৫৬তম মিনিটে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। ডর টুর্গেমানের পাস থেকে বল নিয়ন্ত্রণ করে সাবেক এমএলএস এমভিপি কার্লেস গিল চিপ শটে গোল করে দলকে লিড এনে দেন। এই গোলের ঠিক কয়েক মিনিট আগেই ইন্টার মায়ামির তাদেও আলেন্দের একটি দুর্দান্ত শট অফসাইডের কারণে বাতিল হয়ে যায়, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত।
গোল হজমের পর চাপ বাড়াতে থাকে মায়ামি। আক্রমণে গতি বাড়িয়ে বারবার প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার চেষ্টা করে তারা। অবশেষে ৭৬তম মিনিটে আসে কাঙ্ক্ষিত সমতা। উরুগুয়ের অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়োজ কাছ থেকে নেয়া শট প্রতিহত করেন টার্নার, কিন্তু বলটি ফিরে আসে বক্সের ভেতরেই। সেখানে অপেক্ষায় থাকায় জার্মান বের্তেরাম সহজ ট্যাপ-ইনে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে মেক্সিকোর সিএফ মন্টেরি থেকে প্রায় ১৫ মিলিয়ন ডলারে দলে যোগ দেয়া বের্তেরামে ধীরে ধীরে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন। শেষ চার ম্যাচে তিন গোল করে তিনি এখন দলের আক্রমণভাগে অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন। ম্যাচ শেষে তিনি বলেন, জয় না পাওয়ায় হতাশা থাকলেও দল শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে এটাই ইতিবাচক দিক।
এই ড্রয়ের ফলে ইন্টার মায়ামির টানা দুই জয়ের ধারা থেমে গেলেও তাদের সামগ্রিক ফর্ম এখনো দৃঢ়। এমএলএসে শেষ নয় ম্যাচে অপরাজিত থাকা দলটি সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচে হারেনি। তবে নতুন স্টেডিয়ামে তিন ম্যাচেই ড্র করায় ঘরের মাঠে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে। বিপরীতে অ্যাওয়ে ম্যাচে তাদের রেকর্ড বেশ ভালো, যা দলটির ভারসাম্যকে স্পষ্ট করে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166562