ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিডাঙ্গা গ্রামে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বিজলী আক্তার(৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী বিজলী আক্তার রান্নাঘরে কাজ করছিলেন। এসময় হঠাৎ গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে বিজলী আক্তারের শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়। বিস্ফোরণের শব্দে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
পরে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিবিড় পর্যবক্ষণে থাকা অবস্থায় তিনি মারা যান। স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান বকুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী জানান, এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166530