এমপিকে অবরুদ্ধ ও গাড়ি ভাঙচুর মামলায় ৬৩ জনের নাম, গ্রেপ্তার ৯
নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফাকে অবরুদ্ধ করে তার গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাতে পূর্বধলা থানায় করা এ মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করে ৬৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার বাদী এমপির ব্যক্তিগত সহকারী মো. আল আমিন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা সদরে ফেরার পথে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনে জ্বালানি নিতে থামেন এমপি মাছুম মোস্তফা। এ সময় তিনি মাগরিবের নামাজ আদায়ের জন্য স্টেশনের পাশের স্থানে যান। কিছুক্ষণ পর ১৫টির মতো মোটরসাইকেলে ২৫-৩০ জন যুবক সেখানে এসে হট্টগোল সৃষ্টি করে এবং একপর্যায়ে এমপির গাড়িতে ভাঙচুর চালায়।
নামাজ শেষে বাইরে বের হলে বিক্ষুব্ধরা তাকে ধাওয়া করে অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় মুসল্লিরা তাকে নিরাপদে রাখেন। ঘটনার প্রায় এক ঘণ্টা পর পুলিশ এসে তাকে উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার পাঠানো গাড়িতে সরিয়ে নেয়।
রাত ১০টার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমপি মাছুম মোস্তফা দাবি করেন, হামলাকারীরা স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে আবু তাহের তালুকদার বলেন, ঘটনার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দলের নেতাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল বলেও দাবি করেন তিনি। সাম্প্রতিক সময়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল উল্লেখ করে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে এ উত্তেজনার সৃষ্টি হয় এবং এর জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম জানান, মামলার পরপরই অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাছুম মোস্তফা ৮২ হাজার ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু তাহের তালুকদার পান ৭৯ হাজার ৪১২ ভোট।