চিত্রনায়িকা পূজা চেরির বাবা গ্রেফতার, পাঠানো হলো কারাগারে

চিত্রনায়িকা পূজা চেরির বাবা গ্রেফতার, পাঠানো হলো কারাগারে

চলচ্চিত্র প্রযোজনার প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। প্রতারণার মাধ্যমে ১৩ কোটির বেশি টাকা নেওয়ার অভিযোগে করা মামলাটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

আদালত সূত্রে জানা যায়, রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় দেবু প্রসাদ রায়কে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১৮ এপ্রিল এ আদেশ দেওয়া হলেও বিষয়টি শনিবার (২৫ এপ্রিল) সামনে আসে।

মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, প্রায় ৮ থেকে ১০ দিন আগে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী মিজানুর রহমানের কাছ থেকে চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর দেবু প্রসাদ রায় প্রথমে ৫ কোটি ৫০ লাখ টাকা নেন। এরপর একই ধরনের আশ্বাসে আরও ৫০ লাখ টাকা এবং পরবর্তীতে ২০২৪ সালের ১৫ মে স্ট্যাম্পের মাধ্যমে ৬ কোটি টাকা গ্রহণ করেন।

এছাড়া বিভিন্ন সময়ে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে আরও ১ কোটি ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ রয়েছে দেবু প্রসাদের বিরুদ্ধে। সর্বশেষ চলতি বছরের ৩০ মার্চও তার অনুরোধে বিকাশে অর্থ পাঠানো হয়।

ভুক্তভোগীর দাবি, দীর্ঘ সময় পার হলেও কোনো অর্থ ফেরত দেওয়া হয়নি। উল্টো টাকা চাইলে নানা অজুহাত দেখানো হয় এবং একপর্যায়ে হুমকিও দেওয়া হয়। এতে করে প্রতারণার মাধ্যমে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166471