২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী
শিক্ষা কারিকুলামে কোনো ভেদাভেদ থাকবে না এবং কারিকুলামের মধ্যে সমান্তরাল অবস্থান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, এই কারিকুলাম উন্নতিতে আমরা নতুনভাবে কাজ করছি। আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো।
আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষকদের যে মূল্যায়ন, সেই জায়গা থেকে আমরা আরও উন্নতমানের করতে চেষ্টা করছি। তাদের ট্রেনিংয়ে বিশেষ পরিবর্তন আমরা আনছি। আমাদের নীতিমালা সামনে আসছে ফুল ট্রেনিংপ্রাপ্ত ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হতে পারবে না। ফুল ট্রেনিং হতে হবে, পাস করতে হবে, তারপর সেই নিয়োগে যেতে পারবে।
তিনি বলেন, ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ২০ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নীতিমালা আমরা এক রাতেই করতে পারি না। ধাপে ধাপে এগুলো আসছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। মান উন্নয়ন হবে, শিক্ষকরা ফুল মনিটরিংয়ের আওতায় আসবে। ধাপে ধাপে আমরা সব কিছু করছি।
এর আগে প্রতিমন্ত্রী নরসিংদী শিশু একাডেমিতে একাত্তরের মহান স্বাধীনতা ও চব্বিশের জুলাই বিপ্লবের ধারাবাহিকতায় এক সুরে বাংলাদেশ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166459