আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছে ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত
আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে চায়। তিনি বলেন, আলোচনা সফল হচ্ছে বলে প্রমাণিত হলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত আছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তিনি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছেছেন এবং আরাঘচি পাকিস্তানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা নেই। ইরানের পর্যবেক্ষণগুলো পাকিস্তানের কাছে তুলে ধরা হবে। বাঘাই এই মন্তব্যের আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তেহরানের কাছে একটি ‘ভালো চুক্তি’ করার সুযোগ রয়েছে। তিনি বলেন, তাদের যা করতে হবে তা হলো পারমাণবিক অস্ত্র ত্যাগ করা এবং তা হতে হবে অর্থবহ ও যাচাইযোগ্য উপায়ে।
শুক্রবারের সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, তেল পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধ ‘বাড়ছে এবং বৈশ্বিক হয়ে উঠছে’।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166415