বগুড়ার শাজাহানপুরে চাঞ্চল্যকর রকি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে চাঞ্চল্যকর রকি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে চাঞ্চল্যকর রকি হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি হারুনকে (৪৫) গ্রেফতার করেছে বগুড়া র‌্যাব-১২। সে শাজাহানপুর উপজেলার গন্ডগ্রামের (নতুনপাড়া) খয়ের প্রামানিকের ছেলে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত আড়াইটার দিকে বগুড়ার শিবগঞ্জ থানাধীন কিচক এলাকার মোহাম্মদ আরিফ হোসেনের (আসামির ভাতিজি জামাই) বসতবাড়িতে অভিযান চালিয়ে হারুনকে গ্রেফতার করা হয়। 

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রকি হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি হারুন গ্রেফতার এড়াতে বগুড়ার শিবগঞ্জ থানাধীন কিচক এলাকার মোহাম্মদ আরিফ হোসেনের বাড়িতে আত্মগোপনে ছিল। গোপন সংবাদেরভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-১২।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গন্ডগ্রাম উত্তরপাড়ার বিল্লালের ছেলে রকিকে (২৬) মোবাইল ফোনে বনানী এলাকায় দেখা করতে বলে হারুন (৪৫)। হারুনের ডাকে সাড়া দিয়ে রকি তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়। এরপর দুপুর সোয়া ১টার দিকে প্রতিবেশী অটোচালক মামুন বাদিকে জানায়, তার ছেলে রকি রক্তাক্ত মৃত অবস্থায় গাক চক্ষু হাসপাতালের বিপরীতে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে ফাঁকা জায়গায় পড়ে আছে। সংবাদ পেয়ে রকির মা হালিমা বেগম (৫৬) ও স্ত্রী বিথি বেগম (২৪) ঘটনাস্থলে গিয়ে রকিকে শনাক্ত করে। স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে হারুন ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে হাতুড়ি, রামদা দিয়ে রকিকে হত্যা করে। এ ঘটনায় রকির মা হালিমা বেগম বাদি হয়ে এজাহারনামীয় আটজনসহ অজ্ঞাতনামা ৫-৬ ব্যক্তির বিরুদ্ধে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166414