সুনামগঞ্জে আকস্মিক বন্যার আশঙ্কা, দ্রুত ধান কাটার নির্দেশ
দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় ভারী বৃষ্টিপাত ও উজান থেকে আসা ঢলের কারণে সুনামগঞ্জে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ফসলের ক্ষয়ক্ষতি এড়াতে আগামী ২৮ এপ্রিলের মধ্যে হাওরের পাকা বোরো ধান দ্রুত কেটে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব জমির ধান ৮০ শতাংশ পেকে গেছে, সেই জমির ধান আগামী ২৮ এপ্রিলের মধ্যে দ্রুত কেটে ফেলার জন্য কৃষকদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্যমতে, ২৩ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের ফলে সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভোগাই-কংসসহ প্রধান নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাবে।
পানি উন্নয়ন বোর্ডের আশঙ্কা, ২৮ এপ্রিল নাগাদ নদীগুলোর পানি কোথাও কোথাও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। বর্তমানে সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও, ২৮ এপ্রিল থেকে জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির উচ্চ ঝুঁকি রয়েছে। এতে হাওরের বোরো ফসল তলিয়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
হাওরের প্রধান ফসল বোরো ধান রক্ষায় পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় কৃষি বিভাগ কৃষকদের সচেতন করতে কাজ করে যাচ্ছে। দ্রুত ধান কাটার জন্য প্রয়োজনীয় জনবল ও কম্বাইন হারভেস্টার প্রস্তুত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166396