কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রদলের সুপার ফাইভ নেতৃবৃন্দদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রদলের সুপার ফাইভ নেতৃবৃন্দদের  সাংগঠনিক সভা অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি : সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে কার্যক্রমকে আরও বেগবান করা, নেতৃত্বের মধ্যে সমন্বয় জোরদার করা এবং সমসাময়িক রাজনৈতিক ও শিক্ষাঙ্গন সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সভায় দেশের বিভিন্ন জেলা, মহানগর, কলেজ ও বিশ্ববিদ্যালয় ইউনিট থেকে আগত সুপার ফাইভ পর্যায়ের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা নিজ নিজ ইউনিটের সাংগঠনিক অবস্থা, বিদ্যমান চ্যালেঞ্জ, সাংগঠনিক দুর্বলতা এবং সম্ভাবনাময় ক্ষেত্রগুলো তুলে ধরেন। একইসঙ্গে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন, নতুন সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধি এবং সাংগঠনিক শৃঙ্খলা জোরদার করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

আলোচনায় তুলে ধরা হয় : তৃণমূল পর্যায়ে নিয়মিত সাংগঠনিক সভা ও কর্মসূচি বৃদ্ধি।শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখা। ক্যাম্পাসভিত্তিক সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণ। নতুন নেতৃত্ব তৈরি ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণমূলক কার্যক্রম চালু করা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনের ইতিবাচক উপস্থিতি নিশ্চিত করা নেতৃবৃন্দ বলেন, একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক সংগঠন গড়ে তুলতে হলে সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অপরিহার্য। তারা ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও পরিকল্পিত, সময়োপযোগী ও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, শিক্ষাঙ্গনে বিরাজমান পরিস্থিতি এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এ সময় নেতৃবৃন্দ শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির ওপর গুরুত্ব দেন।

এছাড়া সম্প্রতি সাংবাদিক সমিতির সদস্যদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ। তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও সচেতন থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করার ওপর জোর দেন।

সভা শেষে সংগঠনের সার্বিক উন্নয়ন, নেতৃত্বের বিকাশ এবং তৃণমূল পর্যায়ে শক্তিশালী ভিত্তি গড়ে তোলার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই সভার মাধ্যমে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত এবং কার্যকর হয়ে উঠবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166392