চাঁপাইনবাবগঞ্জে সকল রুটে অনির্দিষ্টকালের জন্য যান চলাচল বন্ধ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মোটর শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে জেলা থেকে সকল রুটে বাস, মিনিবাস, কোচ, ট্রাক ও ট্যাঙ্কলরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। ফলে আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে আন্ত:জেলা, দূরপাল্লা ও অভ্যন্তরীণ কোন রুটে কোন পরিবহন চলাচল করেনি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ব্যাহত হচ্ছে পণ্য পরিবহণ। তবে সোনামসজিদ স্থলবন্দরের ট্রাক কর্মবিরতির বাইরে রয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা কোচ, বাস, মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাঙ্কলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন যৌথভাবে মাইকিং করে চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে কর্মবিরতির ডাক দেয়।
কর্মবিরতিতে জেলা সদর থেকে বিচ্ছিন্ন কয়েকটি ছাড়া কোন পরিবহন চলাচল করছে না। তবে শহর কেন্দ্র থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা নামক স্থান থেকে চাঁপাইনবাবগঞ্জের কিছু বাস বিভিন্ন রুটে চলাচল করছে। তবে বালিয়াঘাট্টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের যাত্রীদের যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে।
ট্রাক, ট্যাঙ্কলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি সাইদুর রহমান বলেন, জেলা শহরের হরিপুরে বাস, মিনিবাস, কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সংগঠনটি বাস থেকে জোরপূর্বক চাঁদাবাজি করছে। বহুবার ও বহুরকম চেষ্টা করেও এই চাঁদাবাজি থামনো যাচ্ছেনা।
অপরদিকে বাস, মিনিবাস, কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বলেন, বাস প্রতি ৩০ টাকা করে চাঁদা নয় ‘সার্ভিস চার্জ’ নেয়া হয়। কেন্দ্রীয় নির্দেশনায় শ্রমিক কল্যাণ ও সংগঠনের খরচ সম্পাদনের জন্য এই চার্জ নেয়া হয়। এ ব্যাপারে সংশ্লিষ্টরা অবগত।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166383