বগুড়ার কাহালুতে প্রবাসীর ১ম স্ত্রীর মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন, স্বামীসহ ২য় স্ত্রী গ্রেফতার
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলায় মালোয়েশিয়া প্রবাসী মুক্তার হোসেনের প্রথম স্ত্রী বৃষ্টি খাতুনের মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক জল্পনা কল্পনার সৃষ্টি হওয়ায় পুলিশ স্বামী মুক্তারসহ তার ২য় স্ত্রীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত প্রবাসী মুক্তার হোসেন ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।
জানা গেছে, বৃষ্টিকে বিয়ে করার কিছুদিন পর মুক্তার হোসেন চাকরি করার জন্য মালোয়েশিয়ায় পাড়ি জমায়। উল্লেখ্য মুক্তার হোসেন ২০১৬ সালে একই গ্রামের মুনজুর পারভেজের মেয়ে বৃষ্টিকে বিয়ে করে এবং তাদের ৬ বছরের কন্যা সন্তান রয়েছে। এদিকে মুক্তার হোসেন মালয়েশিয়া থেকে দেশে ফিরার প্রায় তিন মাস আগে থেকেই নওগাঁ জেলার রানীনগর উপজেলার এসএসসি পরীক্ষার্থী মুন্নি খাতুনের সাথে পরকিয়া সর্ম্পকে জড়িয়ে পড়েন।
সম্প্রতি তিনি দেশে ফেরার পর গত ২দিন আগে মুন্নি খাতুনকে ২য় স্ত্রী হিসেবে বিয়ে করে বাড়ীতে নিয়ে আসে। মুক্তারের পারিবারিক সূত্রে বলা হয় বিয়ে করার ঘটনাটি কোন ভাবেই বৃষ্টি মেনে নিতে না পারায় আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে গৃহবধূ বৃষ্টি হঠাৎ করে স্বামীর বাড়িতে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। এরপর বাড়ির লোকজন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বৃষ্টির মরদেহ বাড়িতে আনার পর তার পরিবারের পক্ষ থেকে বলা হয় বৃষ্টির মৃত্যু স্বাভাবিক নয়। এ বিষয়টি নিয়ে গ্রামের মানুষের মাঝে চরম এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সংবাদ পেয়ে কাহালু থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে বৃষ্টির পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য বৃষ্টির মরদেহ সন্ধ্যায় উদ্ধার করে। আর একইসাথে পুলিশ মুক্তার ও তার ২য় স্ত্রী মুন্নি খাতুনকে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়।
কাহালু থানা অফিসার ইনচাজ মো. শফিকুল ইসলাম জানান,এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এছাড়া বৃষ্টির মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এঘটনায় মুক্তার ও তার ২য় স্ত্রী মুন্নি খাতুনকে গ্রেফতার করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166382