পাবনায় উপস্থিত বক্তৃতায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ভাঙ্গুড়ার হুযাইফা খান
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী হুযাইফা খান।
এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসহ সকলেই। গত বুধবার বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে হুযাইফা খানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ।
চলতি বছরের গত ১৫ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজশাহী বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় এই ফলাফল ঘোষণা করা হয়।
উপস্থিত বক্তৃতায় রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শিক্ষার্থী হুযাইফা খান তার অভিব্যক্তিতে বলেন, আমার এই সফলতার জন্য আমি প্রথমেই মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। আমার এই অর্জনে বাবা-মা ও আমার শিক্ষাগুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিম বলেন, হুযাইফা খানের এই অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়। জাতীয় শিক্ষা সপ্তাহে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জন করা সহজ কাজ নয়; এর জন্য প্রয়োজন অধ্যবসায়, আত্মবিশ্বাস এবং নিয়মিত অনুশীলন।
হুযাইফা তার মেধা, পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে সেই প্রমাণই দিয়েছে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও সে তার এই সাফল্যের ধারা অব্যাহত রাখবে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান বলেন, হুযাইফা খানের এই অসাধারণ সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো উপজেলার জন্য গর্বের বিষয়। হুযাইফার এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166376