পাবনার ভাঙ্গুড়ায় লোডশেডিংয়ে ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় বেড়েছে লোডশেডিং। একদিকে ভ্যাপসা গরম ও অন্যদিকে লোডশেডিংয়ের যন্ত্রণায় ভোগান্তির শেষ নেই। দিনে-রাতে ১ঘণ্টা পর পর বিদ্যুতের আসা-যাওয়ায় অতিষ্ঠ সাধারণ মানুষ। হঠাৎ করে ঘন ঘন লোডশেডিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্র/ছাত্রী, ব্যবসায়ী ও ক্ষেটে খাওয়া দিনমজুর শ্রেণির মানুষ।
এ অবস্থায় চলতি এসএসসি ও সমমান পরীক্ষার্থী এবং আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্নসহ শিশু, বয়স্ক ও রোগীদেরও দুর্ভোগ বেড়েছে। সবমিলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অন্যদিকে সরকারি-বেসরকারি কর্মজীবী মানুষের দৈনন্দিন কাজে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিংয়ে চরম ব্যাঘাত ঘটছে। এ বিষয়ে স্থানীয় পবিস-১ জানিয়েছে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ থাকায় হঠাৎ এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
খোঁজ-খবর নিয়ে জানা যায়, গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৩০ থেকে ৩৮ ডিগ্রী সেলসিয়াস বাড়ার সাথে বায়ুর তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এতে গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে শিশু-শিক্ষার্থীসহ সব বয়সী মানুষ। চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় ভাঙ্গুড়া উপজেলায় ৪টি কেন্দ্রে ১ হাজার ৪৭৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং দেওয়ায় সরকারি-বেসরকারি দপ্তর, স্কুল-কলেজ-মাদ্রাসায় পড়ালেখায় ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের। বিশেষ করে সন্ধ্যারাত থেকে মধ্যরাত এমনি কি ভোররাতেও চলে লোডশেডিং।
এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকরা জানান, ছেলে-মেয়েদের পরীক্ষা শুরু হয়েছে। সন্ধ্যা ও রাতের গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের প্রস্তুতি বাধাগ্রস্ত করছে। এই গুরুত্বপূর্ণ সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
ভাঙ্গুড়া উপজেলার চা দোকানিরা জানান, আগে গ্যাস বা মাটির চুলায় চা তৈরি হলেও এখন বিদ্যুতের ওপর নির্ভরতা বেড়েছে। কিন্তু ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ব্যবসায় ধস নেমেছে। এ ব্যাপারে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১’র জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ-আল-আমিন চৌধুরী বলেন, বর্তমান সময়ে বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। অন্যদিকে আমরা চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি না। আমরা হাসপাতাল ও জরুরি সেবাকেন্দ্রগুলোতে লোডশেডিং কম রাখার চেষ্টা করছি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166370