দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা, নিহত ২

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা, নিহত ২

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভুসিভর্তি একটি ট্রাকের পেছনে আলুবোঝাই আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে উপজেলার সোনামুখী-শৌলা এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- আলুবোঝাই ট্রাকের চালক হানিফ মন্ডল(৫০) এবং তার সহকারী শরিফুল ইসলাম(৪৩)। তারা দুজনই খুলনার পাইকগাছা উপজেলার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে আলুবোঝাই একটি ট্রাক বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। আগে থেকেই ভুসিভর্তি একটি ট্রাক সড়কে দাঁড়িয়ে ছিল। এসময় দ্রুতগতিতে আসা আলুবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সড়কের পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় ট্রাকের কেবিনে চালক ও তার সহকারী আটকা পড়েন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কেবিন থেকে সহকারী শরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন এবং গুরুতর আহত অবস্থায় চালক হানিফ মন্ডলকে উদ্ধার করেন। পরে আহত চালককে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টায় তিনি মারা যান। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালকের সহকারী নিহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় চালকের মৃত্যু হয়। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং মরদেহ সংক্রান্ত আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166282