বগুড়ার আরডিএ’র সাবেক মহাপরিচালক মতিন ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন
কোর্ট রিপোর্টার : জ্ঞাত আয় বহির্ভূত ৭৩ লাখ ৯ হাজার ৪৯৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগ এনে দুদক’র দায়েরকৃত মামলায় পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) বগুড়ার সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক (অবসরপ্রাপ্ত) এমএ মতিন (৬৫) এবং তার স্ত্রী সাবিনা আফরোজের (৬২) বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বগুড়ার স্পেশাল জজ মো. আয়েজ উদ্দিনের আদালতে ওই দম্পতির বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয়।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক’র সহকারী পরিচালক জাহিদুল ইসলাম গত বছরের ৬ ফেব্রুয়ারি বাদি হয়ে বগুড়া জেলা কার্যালয়ে এই মামলা দায়ের করেন। আসামি এমএ মতিন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার নতুন বাজারের মৃত আব্দুল হালিমের ছেলে এবং ওই দম্পত্তির বর্তমান ঠিকানা হিসেবে-ঢাকা মহানগরীর রমনার ১৩১ নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার ফ্লাট নং-৪/বি উল্লেখ করা হয়েছে।
অভিযেগে উল্লেখ করা হয়, দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে ৭৩ লাখ ৯ হাজার ৪৯৫ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করে মিথ্যা হিসাব ও ভিত্তিহীন ঘোষণা প্রদান করেন। এমএ মতিন পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) বগুড়ায় কর্মরত থাকা অবস্থায় অবৈধ পন্থায় সরকারি ক্ষমতার অপব্যবহার করে তার স্ত্রীর নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে দুদক আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনের অপরাধ করেছেন মর্মে অভিযোগ পত্রে বলা হয়েছে।
মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে দুদক’র পিপি এড. মাহবুবা খাতুন সুখি এবং আসামি পক্ষে এড. রফিকুল ইসলাম (১)।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166280