পাইকগাছায় স্ত্রীর পরকীয়ার জেরে চাচাতো ভাইকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

পাইকগাছায় স্ত্রীর পরকীয়ার জেরে চাচাতো ভাইকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

খুলনার পাইকগাছায় স্ত্রীর পরকীয়ার জেরে চাচাতো ভাইকে হত্যার ঘটনায় স্বামী প্রকাশ সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল-রাজী এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর চৌধুরী তৌহিদুর রহমান তুষার।

মামলার সূত্রে জানা যায়, যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি প্রকাশ সরদার (৪০) উপজেলার খড়িয়া গ্রামের বাসিন্দা ও পেশায় দিনমজুর। দীর্ঘদিন ধরে তার স্ত্রী রূপা (৩৩) সরদারের সঙ্গে সুখেন সরদারের (৩৫) পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে দাম্পত্য জীবনে কলহ চলছিল। এরই জেরে প্রকাশ সরদার ২০২২ সালের ৭ মার্চ ঘটনার দিন বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও পরে গোপনে ফিরে এসে ওঁত পেতে থাকেন সুকেন সরদারের ঘের বাড়িতে। এরপর সুকেন সরদার ঘের বাড়িতে প্রবেশ করলে গুপ্তি দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ২০২২ সালের ৮ মার্চ নিহতের মা আমেলা রানী সরদার পাইকগাছা থানায় হত্যা মামলা করেন। একই বছরের ১ জুন তদন্ত শেষে চার্জশিট দেয় পুলিশ। ওই বছরের আগস্টে আদালতে চার্জ গঠন হয়। মামলার স্বাক্ষ্যগ্রহণ ও বিচার চলাকালীন সময়ে আসামি প্রকাশ সরদার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর চৌধুরী তৌহিদুর রহমান তুষার বলেন, মামলায় ১৭ স্বাক্ষীর স্বাক্ষ্য নেওয়া হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166252