নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গিরিপথ ফিলিং স্টেশন থেকে কাভার্ডভ্যানে করে অবৈধভাবে ডিজেল পাচারের সময় ১ হাজার ৫০ লিটার জ্বালানি জব্দ করেছে স্থানীয় জনতা। এ সময় তিনজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার আতকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- ছোটন মিয়া (৩৫), শামীম আহমেদ (৪০) ও মফিজুল ইসলাম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি কাভার্ডভ্যানে পাঁচটি ড্রামে করে প্রায় এক হাজার লিটার এবং একটি পিকআপ ভ্যানে ৫০ লিটার ডিজেল ময়মনসিংহের উদ্দেশে পাঠানো হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা গাড়ি দুটি আটক করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, প্রায় প্রতিদিনই রাতে গোপনে তেল পাচার করা হয়। বৃহস্পতিবার ভোরে ডিজেল পরিবহণের সময় সন্দেহ হওয়ায় আমরা গাড়িসহ তিনজনকে আটক করি।
শ্যামগঞ্জ–দুর্গাপুর সড়কের আতকাপাড়া এলাকায় অবস্থিত গিরিপথ ফিলিং স্টেশন থেকে কভারভ্যানে করে ডিজেল পাচারের চেষ্টা করা হচ্ছিল খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশ জানায়, কভারভ্যান থেকে মোট ১ হাজার ৫০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম জাহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০ ধারা অনুযায়ী অবৈধভাবে তেল পাচারের দায়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166244