জয়পুরহাটে পুকুরে ডুবে সহোদর শিশুর মৃত্যু
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুরের পানিতে ডুবে সহোদর দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার মাঝিনা লোহার গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
তারা হলো-পাঁচবিবি উপজেলার মাঝিনা লোহার পুকুর গ্রামের এনামুল হকের বড় ছেলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হোসেন আলী (১২) ও ছোট ছেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রহমত আলী (১০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে হোসেন আলী ও রহমত আলী দুই ভাই বাড়ির পাশে বন্ধুদের সাথে খেলাধুলা করছিল। এমন সময় সবার অজান্তে দুই ভাই পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166184