জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ঐক্য ধরে রেখে জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, অতীতের স্বৈরাচারবিরোধী সংগ্রামে যেভাবে সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ ছিল, সেই ঐক্য বজায় রেখেই দেশকে এগিয়ে নিতে হবে।

তিনি সংসদকে সব ধরনের আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক ধারা শক্তিশালী করতে বদ্ধপরিকর। অতীতে সংসদের বাইরে থেকে সিদ্ধান্ত নিয়ন্ত্রণের যে প্রবণতা ছিল, সেখান থেকে বেরিয়ে এসে সংসদকেই কার্যকর সিদ্ধান্ত গ্রহণের মূল জায়গায় পরিণত করতে চায় সরকার। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার প্রধান ক্ষেত্র হবে সংসদ, বাইরে থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সংস্কৃতি সরকার সমর্থন করে না।

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিভিন্ন আলোচনা থাকলেও এর প্রভাব বোরো ধানের চাষে পড়েনি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১৪ এপ্রিলের পর জ্বালানি তেলের দাম একটি সহনীয় পর্যায়ে আনা হয়েছে, যা আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং দেশের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় নির্ধারণ করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময়ের তুলনায় বর্তমানে পরিস্থিতি অনেক বেশি স্থিতিশীল। পুলিশ বাহিনীকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নৈতিকভাবে উদ্বুদ্ধ করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বস্তরে কাজ করছে বলেও তিনি সংসদকে আশ্বস্ত করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166173