বগুড়ার শাজাহানপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা সরকার বাদল লাঞ্ছিত

বগুড়ার শাজাহানপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা সরকার বাদল লাঞ্ছিত

স্টাফ রিপোর্টার: গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফর কালে বাগবাড়িতে ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচিতে অংশ নিতে বাগবাড়ি যাওয়ার পথে বগুড়ার শাজাহানপুরের বেতগাড়ি বাইপাস এলাকায় স্থানীয় বিএনপি নেতা সায়েদুল ইসলাম সায়েদ কর্তৃক লাঞ্ছনার শিকার হয়েছেন বৃহত্তর বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরকার বাদল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাগবাড়িতে অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে ২০ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে বেতগাড়ি বাইপাস এলাকা দিয়ে প্রাইভেটকার যোগে বাগবাড়ি যাচ্ছিলেন সরকার বাদল। এর কিছু আগে থেকেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বেতগাড়ি বাইপাস মোড়ে রাস্তার পাশে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে সহস্রাধিক নারী-পুরুষ অপেক্ষা করছিলেন। সরকার বাদল বেতগাড়ি বাইপাস মোড় অতিক্রম করার সময় ধীরে যাচ্ছিলেন।

এসসয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন ভক্ত সরকার বাদল কে গাড়ি থেকে নামাতে অনুরোধ করেন এবং এলাকাবাসির ব্যানারসহ সেলফি তোলার আবদার করেন। এমতাবস্থায় সরকার বাদল ব্যানারে গিয়ে ছবি তুলতে অবস্থান নেন। সাথে সাথে ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েদুল ইসলাম সায়েদ সরকার বাদলকে বাজেভাবে গালি দেন এবং ধাক্কা দিয়ে ব্যানার থেকে সরিয়ে দেন।

এ সংক্রান্ত ভিডিও ফুটেজ আজ বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো শাজাহানপুরে সমালোচনার ঝড় উঠেছে। বিএনপি নেতা সায়েদুল ইসলাম সায়েদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।

শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরকার বাদল জানান, আমি বিএনপি থেকে বহিস্কৃত নই। আবার পদত্যাগও করিনি। আমি বিএনপির কর্মী। বৃহত্তর বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ছিলাম। শাজাহানপুর উপজেলা পরিষদ বাস্তবায়ন কমিটির নেতৃত্ব দিয়েছি। যারা এটা করেছে তারা শিষ্টাচার বর্হিভূত কাজ করেছে। আমি প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাচ্ছিলাম। আমাকে বাধা দেওয়া এবং লাঞ্ছিত করা কারো কাম্য নয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166158